বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্ল্যান্টই করেছে। কিন্তু সেসব বিদ্যুৎ প্ল্যান্ট কিভাবে চলবে, তার কোনো টেকসই পরিকল্পনা তারা করেনি।
৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারও বিদ্যুৎ খাত নিয়ে আশানুরূপ কোনো কাজ করতে পারেনি। গ্যাস উৎপাদনের সাথে সংশ্লিষ্ট একটি জরুরি মেশিন দীর্ঘদিন নষ্ট থাকলেও তা মেরামত করা হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদনে যে বিঘ্ন ঘটছে, তার ফলেই সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তবে একটি বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তুলতে এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণকে কিছুটা সময় দিতে হবে।
কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এলাকায় অনেক সমস্যা রয়েছে। যার মধ্যে সারের সংকট অন্যতম। আমরা চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের এবং টিসিবির ডিলারশিপ দেওয়ার ব্যবস্থা করব। যাতে বিগত সরকারের সুবিধাভোগী বা কোনো ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ জনগণকে নিয়ে আবার ছিনিমিনি খেলতে না পারে।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক মনির হোসেন, জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।
অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 

















