জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ, বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী।
আলোচনা সভায় ইউএনও মো. আব্দুল হাইয়ে বলেন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বর্বর বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা আজও বাঙালির ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা রয়েছে। গণহত্যা চালিয়ে তারা মনে করেছিল বাঙালি জাতিকে দমানো যাবে। কিন্তু নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্ষম হন বাঙালি জাতি।
সভায় অংশগ্রহণকারীরা সেই কালরাতের নিহত শহিদদের স্মরণ করেন। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন এই সভায় অংশ নেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















