জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের ১১দিন পর কৃষক আমিনুল ইসলাম খোকার (৬৫) মরদেহ উদ্ধার করেছে বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশ। ২০ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকাজানি ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া বড়খাল যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম খোকা গাইবান্ধা জেলার সদর উপজেলার মোল্লার চর গ্রামের মৃত করিম সরকারের ছেলে।
জানা গেছে, ৯ ফেব্রুয়ারি, সোমবার সকালে মোল্লারচর ঘাট থেকে নৌকায় শ্বশুরবাড়ি গাইবান্ধা জেলার কোনদলপাড়ায় অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য যাওয়ার পথে দুপুরে দেওয়ানগঞ্জের বড়খাল এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন কৃষক আমিনুল ইসলাম খোকা। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে কোন সন্ধান মেলেনি তার। নিখোঁজের ১১ দিন পর তার মরদেহ ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী বাহাদুরাবাদ নৌ-থানায় জানান। পরে নৌ-থানা পুলিশ ঘটনা স্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারুন চন্দ্র বর্মণ এ প্রতিবেদককে বলেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমিনুল ইসলাম খোকার মরদেহ পশ্চিম কাজলাপাড়া বরখাল যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















