জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চালককে বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর, সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
ওই অটোরিকশাচালকের নাম জহুরুল ইসলাম (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের তারা মিয়ার ছেলে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সাখাওয়াত মোড় থেকে দু’জন ব্যক্তি যাত্রী সেজে অটোরিকশায় করে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যান। ওই দুই ব্যক্তি কিছুক্ষণ পর অটোরিকশাচালক জহুরুল ইসলামকে বিস্কুট খাওয়ান।
পরে উপজেলা পরিষদ চত্বরে জহুরুল ইসলাম অজ্ঞান হলে তারা অটোরিকশাটি নিয়ে চলে যান। অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিরা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাজ উদ্দিন এ প্রতিবেদককে বলেন, বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর অজ্ঞান হলে অটোরিকশাটি নিয়ে যায় প্রতারকচক্র।
অটোরিকশাটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















