
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে দুর্বৃত্তদের হাতে শাহাদাত হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। ২৫ মে সকালে ওই ইউনিয়নের পারপাড়া গ্রামের ধানক্ষেত তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত অটোরিকশা চালক শাহাদাত হোসেন সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি ২৪ মে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২৫ মে সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া গ্রামে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের অদূরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ও তার পরিচয় শনাক্ত করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে পূর্বকুটামনি গ্রামে একটি বাঁশঝাড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ সেই অটোরিকশাটিও উদ্ধার করে। তবে এর ব্যাটারি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে জানান, নিহত অটোরিকশা চালক শাহাদাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হলেও এর ব্যাটারি চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 


















