
বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ১৭ জানুয়ারি রিটটি খারিজ করে দেন।
দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ নেয়া সংবিধানসম্মত হয়নি দাবি করে সুপ্রিমকোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ ১৪ জানুয়ারি রিটটি করেন। ১৬ জানুয়ারি এর শুনানি হয় এবং ১৭ জানুয়ারি আদেশের দিন ধার্য হয়।
রিটটি খারিজে একাদশ সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়া সংবিধান সম্মত ও সংসদ সদস্যেরা যথারীতি তাদের কার্যভার চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। এর আগে গত ৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে একটি আইনি নোটিশ দেয়া হয়। সুপ্রিমকোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম দৌহিদের পক্ষে নোটিশটি পাঠান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বর্তমানে দুইটি সংসদ বহাল রয়েছে দাবি করে বলা হয়-যা সংবিধান পরিপন্থী। এ নোটিশের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সূত্র : বাসস
বাংলার চিঠি ডেস্ক : 





















