জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকার তেঁতুলতলা এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে ২২ আগস্ট, শনিবার দুপুরে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর সিপিসি-১ এর একটি আভিযানিক দল। হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, ২২ আগস্ট দুপুরে মাদক কারবারি হুরমুছ আলী হেরোইন নিয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা থেকে সিএনজিযোগে জামালপুর যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। পরবর্তীতে তাকে মাদক মামলা দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, হেরোইনসহ গ্রেপ্তার মাদক কারবারি হুরমুছ আলীকে থানায় সোপর্দ করেছে র্যাব-১৪। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ২৩ আগস্ট, রবিবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















