জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২২ আগস্ট, শনিবার দুপুরে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ।
সংবর্ধনা অনুষ্ঠানে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, মানসম্মত শিক্ষা অর্জনে কিন্ডারগার্টেন স্কুল গুলো বড় ভূমিকা রাখছে। নানা প্রতিকূল পরিবেশেও কিন্ডারগার্টেন স্কুলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার জায়গা করে নিয়েছেন। তাই শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোতালবে মন্ডল, বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক নাসের রহমান, ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রাসেল।
সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ ক্যাডেট একাডেমি, আলহাজ আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমি, আবদুল হক বিদ্যা নিকেতন, নিউক্লিয়ার্স আইডিয়াল একাডেমি, ফেইট ডিজিটাল, শিশু কলি প্রি ক্যাডেট স্কুল, বেসিক একাডেমি, ব্রাইট স্কুল, বিসিবি স্কুল, বেপারিপাড়া আইডিয়াল একাডেমি, আল হেরা মাদ্রাসা, অ্যাডভান্স মডেল স্কুল, আলিফ বিদ্যা নিকেতন, রাশেদা খাতুন বিদ্যা নিকেতন, ক্যাম্ব্রিজ মডেল স্কুল, সাকসেস মডেল একাডেমির শিক্ষার্থী ও অভিভাকেরা উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬টি প্রতিষ্ঠানের মোট ৫৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০৬ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। মেধাবী এসব শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















