এক পয়সার দান দিয়ে শুরু হয়েছিল পথচলা। তারপর স্থানীয় মানুষের জমি আর অর্থের অবদানে গড়ে উঠে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানই আজ ১১৯ বছরের ঐতিহ্য বুকে ধারণ করে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় শুধু একটি স্কুল নয়। এটি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
১৯০৭ সালে মাইনর স্কুল হিসাবে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সময়ের পরিক্রমায় উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি প্রশাসন, সশস্ত্র বাহিনী, চিকিৎসা, শিক্ষা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অসংখ্য কৃতী মানুষ উপহার দিয়েছে।
প্রায় পাঁচ একর জমির উপর গড়ে উঠা বিদ্যালয়টির ভিত্তি নির্মাণে স্থানীয় মানুষের ছিল অসাধারণ অবদান। মোবারক সরকার, লোকমান সরকার, মোহাম্মদ আলী, সাবেত চেয়ারম্যান, সেকান্দর আলী চৌধুরী, আজগর সরকার, মোফাজ্জল, আলতাফ হোসেন, আব্দুস সামাদ, ঘেতা সরকারসহ অনেকেই জমি ও নগদ অর্থ দান করেন। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন ময়মনসিংহের আবুল হোসেন। ১৯৫৯ সালে প্রতিষ্ঠানটি প্রথমবারের মত মেট্রিকুলেশন পরীক্ষায় অংশ নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
বিদ্যালয় প্রতিষ্ঠাকে ঘিরে একটি হৃদয়ছোঁয়া জনশ্রুতি এখনও স্থানীয় মানুষের মুখে মুখে ফেরে। জানা যায়, বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বৈঠক করছিলেন, তখন ভবঘুরে ক্যাশো পাগলী তার কাছে থাকা এক পয়সা বিদ্যালয়ের জন্য দান করেন। একই সঙ্গে তিনি ওই স্থানেই বিদ্যালয় গড়ে তোলার অনুরোধ জানান। স্থানীয়দের বিশ্বাস, ওই এক পয়সার দানই ছিল বিদ্যালয়ের প্রথম অনুদান।
স্থানীয় সূত্র জানায়, মোবারক সরকার প্রায় আট বিঘা জমি ও সাত হাজার টাকা, লোকমান সরকার দুই একর জমি, মোহাম্মদ আলী দুই বিঘা জমি, সাবেত চেয়ারম্যান ও সেকান্দর আলী চৌধুরী পাঁচ হাজার টাকা করে এবং আজগর সরকার, মোফাজ্জল, আলতাফ হোসেন, আব্দুস সামাদ ও ঘেতা সরকার তিন বিঘা করে জমি দান করেন। এ ছাড়া ঝাড়কাটা ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষও জমি ও অর্থ দিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠায় অংশ নেন।
শুধু পাঠদান নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বিদ্যালয়টির রয়েছে উজ্জ্বল সুনাম। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কৃতিত্ব অর্জন করেছে। মহান মুক্তিযুদ্ধেও এই বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থী অংশ নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেন।
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুল হাসান কমল, অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আব্দুল হালিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আকিল আহমেদ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, সেনাবাহিনীর সাবেক কর্নেল মোস্তাকিম বিল্লাহ, জামালপুর জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান, আসাদুল্লাহ, জামালপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, মেডিসিন ও বাতরোগ বিশেষজ্ঞ ডা. কবিরুল হাসান বিন রকীব (মুক্তা), নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মেহেদী হাসান এবং শহীদ মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম হারাইসহ আরও অনেকে। শতাধিক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে তিনতলা দুটি ও একতলা একটি একাডেমিক ভবন। পাশাপাশি রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ। প্রতিষ্ঠানে বর্তমানে ১৩ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর আগের বছর ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ৫০ জন।
বিদ্যালয়টির অবদানের কথা উল্লেখ করে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের গর্ব ও বিশ্বাসের নাম। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি হাজারো শিক্ষার্থীকে শিক্ষিত করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটির শতবর্ষের ঐতিহ্য রক্ষা এবং আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা উচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আনিছুর রহমান বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শিক্ষার মানোন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। সবার সহযোগিতায় বিদ্যালয়ের ঐতিহ্য ও সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















