জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে পৌরসভার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে একে একে উপজেলা পরিষদ, মাদারগঞ্জ মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, পল্লী বিদ্যুৎ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি, প্রেসক্লাব মাদারগঞ্জ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা গোলাম সরওয়ার, উপজেলা বিএনপির সভাপতি মনজু কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেছসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও, উপজেলা বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও দোকানপাটের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ভাষা আন্দোলনের ইতিহাস এবং শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে মাতৃভাষা সংরক্ষণ ও সমৃদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করেন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















