জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রাপ্ত, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, আল্লাহর খাস রহমত চাই। বাংলাদেশের জমিনে আর কখনোই যেন কেউ আমাদের স্বাধীনতা কেড়ে যাওয়ার দুঃসাহস না দেখায়।
২০ নভেম্বর, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেলান্দহের মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদপুর বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামী সম্মেলনের এই পরিবেশটা কিন্তু দুই বছর আগেও বাংলাদেশে ছিল না। এই যে ইসলামী মহাসম্মেলন করার পরিবেশ তৈরি হল, এজন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। প্রধান অতিথির বক্তব্যে বাবুল আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যাদের রক্তের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশের জমিনে এই পরিবেশ তৈরি হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যে ভাই অন্ধ হয়ে গেলেন, যে ভাইয়েরা আহত হয়ে গেছেন, তাদের সকলের জন্য দোয়া করছি।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এই বাংলাদেশে আর কেউ যেন কখনো আমার ইসলামী মহাসম্মেলন করবার পথে, ইসলামী সম্মেলনের পথে, ইসলামী মাহফিলের পথে আর কেউ যেন কখনো বাধা হয়ে দাঁড়াতে না পারে। বক্তাদের বক্তব্য পেশ করার পথে কেউ যেন হুমকি হয়ে দাঁড়াতে না পারে।
তিনি আরও বলেন, আমরা যেন এই বাংলাদেশের বুকে সত্য প্রতিষ্ঠা করতে পারি। এই বাংলাদেশের বুকে অন্যায়ের প্রতিবাদ করতে পারি, জুলুমের প্রতিবাদ করতে পারি, অবিচারের প্রতিবাদ করতে পারি, ব্যভিচারের প্রতিবাদ করতে পারি, দুর্নীতি, লুটপের প্রতিবাদ করতে পারি। সত্য, ন্যায় ন্যায়বিচার এই বাংলাদেশে আমরা কায়েম করতে পারি, সে জন্য চেষ্টা চালিয়ে যাবো। সকলের সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে এই বাংলাদেশকে নতুন সুন্দর কল্যাণময় একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে সচেষ্ট থাকবো।
ইসলামী সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার মো. এনামুল করিমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন, নিরবাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান। এ সময় মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার, মাওলানা আলাউদ্দিন, যুগ্মসম্পাদক নুরে আলম তালুকদার রুনু, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, কোষাধ্যক্ষ লুফর রহমান লিটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মাহমুদপুর বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি রাউফুল আজম রাসেল এই প্রতিবেদককে বলেন, দু’দিনব্যাপী ইসলামি সম্মেলনের আজ দ্বিতীয় দিন। প্রতি বছর এই সম্মেলনে হাজারো মানুষের সমাগম ঘটে। এ বছর নিয়ে ৫ম বারের মত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : মেলান্দহ, বাংলারচিঠিডটকম 



















