জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রলি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাইম নামের এক কিশোরের হাঁটু থেকে পা বিচ্ছিন্ন হয়েছে। এ দুর্ঘটনায় বাইসাইকেল চালকের অণ্ডকোষ ফেটে গেছে ও ট্রলি চালক গুরুতর আহত হয়েছেন। ৯ জুলাই, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বালিজুড়ী বাজার-তেঘরিয়া সড়কের কালারবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ট্রলির হেলপার নাইম (১৮) গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার রাঙা মিয়ার ছেলে, ট্রলিচালক একই এলাকার সহিজ্জল মিয়ার ছেলে শিপন (১৭) এবং বাইসাইকেল চালক জাকিরুল ইসলাম (৩২) বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার হবি মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ৯ জুলাই দুপুরে উপজেলার বালিজুড়ী বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইটবোঝাই ট্রলি কালারবাড়ী মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমের বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জাকিরুল ইসলামের অণ্ডকোষ ফেটে যায় এবং শিপন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা নাইম ও জাকিরুলকে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে এবং শিপনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নাইম ও জাকিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় জাকিরুলের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মাদারগঞ্জ মডেলর থানার উপ-পরিদর্শক (এস আই) কমল সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও বাইসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















