২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ড্যাব জেলা শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনি’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও সাধারণ জনতা। মানববন্ধন থেকে হামলাকারী আওয়ামী লীগ আমলের স্বাচিপের সক্রিয় সদস্য ডা. ইকরামুল হক হিটলু ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
২৫ জুন, বুধবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও কম্পপুর এলাকার সাধারণ জনতা।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী নওয়াব আলীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলি বেগম, ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সহ-সভাপতি কুব্বাত আলী, শাহজাহান আলী, মোখলেছুর রহমান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, রাসেল মিয়া, মো. জনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেদ, হাসেন, আব্দুল রউফ তালুকদার, বিপ্লব, জেলা আইনজীবীর সহকারী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. ইকরামুল হক হিটলু জামালপুর জেনারেল হাসপাতালের দন্ত চিকিৎসক। আওয়ামী লীগ সরকার আমলে তিনি স্বাচিপের সক্রিয় সদস্য ছিলেন। দলীয় প্রভাব খাটিয়ে তিনি দাপটে চিকিৎসা খাতে দুর্নীতি করেছেন। তিনি ও তার স্ত্রী একই হাসপাতালে কর্মরত। হাসপাতালে আউটসোর্সিং লোক নিয়োগকে কেন্দ্র করে ডা. ইকরামুল হক হিটলু ও তার সহযোগীরা কর্তব্যরত আরএমও তারিকুল ইসলাম রনির কক্ষে গিয়ে তার উপর হামলা করেছেন। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















