‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ৯ জুলাই, বৃহস্পতিবার জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি শফিকুর রহমান, জামালপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান সোহেল প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাংলাদেশ বৈশ্বিক কারণে পরিবেশ দূষণের শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। চলমান বর্ষায় জামালপুরে জলাবদ্ধতা দূর করতে হলে ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। জামালপুরে ১১৮টি খাল তথ্যে থাকলেও অধিকাংশই মরে গেছে। অথবা ভরাট করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মৃত খালগুলো খননের উদ্যোগ নিয়েছি। প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি।
তিনি আরও বলেন, জামালপুরে অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অবৈধভাবে বালু উত্তোলন ও আবাদি জমি থেকে মাটি কাটা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। যে সকল প্রতিষ্ঠান পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে তাদেরকে প্রথমে সতর্ককরণসহ ওরিয়েন্টেশন দেওয়া হবে। নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেয়া হবে। কারখানা বন্ধ করলে অনেকের চাকরি যাবে। ওই পথে যেতে চাই না।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত সবার মাঝে গাছের চারাও বিতরণ করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বিশ্ব পরিবেশ দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্র শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















