জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের ডেবরাইপ্যাচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নাম ও স্থান পরিবর্তন করে অন্যত্র স্থানান্তর করায় স্থানীয় এলাকবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কলেজটির অধ্যক্ষ আনোয়ার কবিরের প্রত্যাহার এবং আগের নামেই কলেজটি ডেবরাইপেচ গ্রামেই রাখার জোরালো দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরে ইউএনও বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়েনের ডেবরাইপ্যাচ গ্রামে ‘ডেবরাইপ্যাচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’ প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে কলেজটির অধ্যক্ষ আনোয়ার কবীর ও স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ২০২৩ সালে সাবেক ধর্মমন্ত্রীর দেওয়া ‘আফরোজা ফরিদ সুরুজ্জামান টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট’ কলেজ নামটি ব্যবহার করে কলেজটিকে ডেবরাইপ্যাচ থেকে স্থানান্তর করে চিনাডুলি ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় স্থাপন করেছেন। এ নিয়ে ডেবরাইপ্যাচ গ্রামের অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৬ জানুয়ারি দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য মো. জোনায়েদ হাসান, ইমরান, এলাকাবাসী সফিক বক্তব্য রাখেন।
বক্তারা কলেজটির আগের নাম ‘ডেবরাইপ্যাচ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ’ ঠিক রেখে ডেবরাইপ্যাচ গ্রামেই কলেজটির কার্যক্রম পরিচালনার জোরালো দাবি জানান। একই সাথে তারা কলেজটির অধ্যক্ষ আনোয়ার কবীরকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। পরে তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের নিকট স্মারকলিপি পেশ করেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















