‘ব্যবসায়ীরা ভাই ভাই, সবার মাঝে ঐক্য চাই’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুর শহরের ঢাকাইপট্টি সকাল বাজার সড়ক এলাকার ব্যবসায়ীদের সংগঠন দোকান মালিক সমিতির ১২তম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর রবিবার রাতে শহরের স্টার কাবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
দোকান মালিক সমিতি সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান বলেন, আমার ব্যবসায়ী ভাইয়েরা যদি কোনো বিপদে পড়ে আমি সাথে সাথে চলে আসি। ব্যবসায়ী বন্ধুদের পাশে এসে দাঁড়াই এবং সেই বিপদ থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করি। ব্যবসায়ীদের স্বার্থে নিজের জীবনকেও উৎসর্গ করতে আমি প্রস্তুত।
তিনি আরও বলেন, আমি দল বুঝি না, পার্টি বুঝি না। বিগত সরকার অনেক দম্ভ করে বলেছে বিয়াল্লিশ বছর থাকবো। পঞ্চাশ বছর থাকবো। এমন কি একশ বছর থাকার কথা বলেছিল। কিন্তু এক সেকেন্ডও থাকতে পারে নাই।
মিজানুর রহমান চৌধুরী বলেন, ইদানিং কিছু লোক, বেশি না, দুই-চার জন অনেকের কাছে যায় সংগঠন করতে। সংগঠন করা এত সহজ না ? নিজের পকেটের পয়সা দিয়ে বনের মোষ তাড়ানো এত সহজ ব্যাপার না। নিজের জীবন উৎসর্গ করে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এত সহজ না। এটা অভ্যাস থাকতে হবে। সংগঠন করতে হলে একটা নীতিমালার মধ্য দিয়ে যেতে হবে।
তিনি বলেন, কেউ হুট করে এসেই সভাপতি হয়ে যাবে এত সহজ না, বড় কঠিন। আর অনুমোদন প্রথমে আমার কাছ থেকে নিতে হবে। কারণ ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর আমি। আমার সুপারিশ ছাড়া কেন্দ্রে কমিটি পাস করবে না। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাধারণ সভায় দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন ঢাকাইপট্টি সকাল বাজার সড়কের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শান্ত কুমার দের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, ঢাকাইপট্টি সকাল বাজার সড়কের দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আনিছুর রহমান, মো. মোজাম্মেল হক প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সংগঠনটির কমিটি গঠন উপলক্ষে এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের অনুমতি ক্রমে রফিকুল ইসলামকে সভাপতি ও মো. জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে এই দোকান মালিক সমিতির ১৭ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















