জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
২৫ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬০০টি ট্যাপেন্টাডল বড়ি ও নগদ তিন লাখ ২৯ হাজার ৫৫০ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন- কালাবহ স্লুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মো. রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দবাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।
এ বিষয়ে ডিবির ওসি সাকিব আহমেদ এ প্রতিবেদককে বলেন, বিশেষ অভিযানে ৬০০টি নেশা জাতীয় বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকব্যবসার কথা স্বীকার করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















