জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে দিবালকে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই।
লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের ব্যক্তিগত অর্থে ভ্যান চালক আকালু মিয়াকে নতুন একটি অটোভ্যান প্রদান করা হয়েছে। ১১ মার্চ, বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বৃদ্ধ অটোভ্যান চালক আকালু মিয়াকে নতুন ভ্যান হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই আনুষ্ঠানিকভাবে আকালু মিয়ার হাতে অটোরিকশাভ্যানটি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, লন্ডন প্রবাসীদের বাবা আব্দুর রাজ্জাক ও অটোরিকশাভ্যান চালক আকালু মিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে। নতুন অটোরিকশাভ্যান পেয়ে প্রবাসী শফিকুল ইসলাম ও ছাইদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকালু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই এ প্রতিবেদককে বলেন, কয়েকদিন আগে আকালু মিয়ার কাছ থেকে অটোরিকশাভ্যানটি ছিনতাই হয়। পরে লন্ডন প্রবাসী দুই ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন। তারা আকালু মিয়াকে নতুন অটোরিকশাভ্যান দেওয়ার আশ্বাস দেন। তাদের দেওয়া অটোরিকশাভ্যানটি আজ চালককে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ বিকালে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় বৃদ্ধ আকালু মিয়ার কাছ থেকে অটোরিকশাভ্যানটি ছিনতাই করেন দুই দুর্বৃত্ত। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ আহাজারির একটি ভিডিও ছড়িয়ে পড়লে লন্ডন প্রবাসী দুই ভাই অটোরিকশাভ্যানটি নিজস্ব অর্থায়নে কিনে দেওয়ার আশ্বাস দেন। আকালু মিয়ার বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















