দেশ থেকে পলাতক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না।
২৬ সেপ্টেম্বর, শনিবার বিকালে জামালপুর জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা অতীতে দেখেছি তারা যখনই ক্ষমতায় এসেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই টাকা জনগণের টাকা। এই টাকা আপনাদের টাকা। এই টাকা লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস যারা করে বাংলাদেশের মাটিতে তাদের ঠাঁই নাই। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড যেরকম করেছে অতীতে বর্তমানেও করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রতিহত করে দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেই সন্ত্রাসীদের, সেই নৈরাজ্যবাদীদের রুখে দিবে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা বিএনপির জ্যাষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















