জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলার পিয়ারপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। তখন পিয়ারপুর এলাকার এম আর ব্রিকস নামের ইটভাটায় এস্কাভেটর দিয়ে অভিযান চালিয়ে ফিক্সড চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই ইট ভাটাটি পরিচালিত হয়ে আসছিল। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহার করে সেখানে ইট পোড়ানো হচ্ছিল।
তবে অভিযানের সময় ভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল এবং মালিক বা দায়িত্বপ্রাপ্ত কোন প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া সম্ভব হয়নি। পরে চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযানে জামালপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি এই প্রতিবেদককে বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এম আর ব্রিকস আইনবহির্ভূতভাবে স্থাপন করা হয়েছিল। পরিবেশদূষণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এই প্রতিবেদককে বলেন, পরিবেশ আইন অমান্য করে কোন ইটভাটা পরিচালনার সুযোগ নেই। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















