জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও নির্যাতনের অভিযোগে জিহাদ (২১) নামের এক মাদকাসক্ত যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ জুন, বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চর কালিকাপুর থেকে তাকে আটক করার পর এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জিহাদ ইসলামপুর উপজেলার শেখপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদের বাবা পরিবার নিয়ে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চর কালিকাপুরে মৃত চিনি মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। ১০ জুন, বুধবার দুপুরে জিহাদ ইয়াবা সেবন করে তার মা ও স্ত্রীকে বেধড়ক মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে তার মা দেওয়ানগঞ্জ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মা নিজেই মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার উপধারা ৯ এবং ১০(৫) মোতাবেক জিহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে জানান, মাদক সেবন করে স্ত্রী ও মাকে নির্যাতনের অভিযোগে ওই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















