জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নাশকতার মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। ৯ জুন, মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার দুই আসামি হলেন- দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক খান সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুন, সোমবার দুপুরে পৌর এলাকার বাদেশশারীয়া গ্রামে আজাদুলের বাড়ির সামনের পাকা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















