জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে টানা কয়েক দিনের ভারি বর্ষণে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া প্রায় তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।
বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল ব্যক্তিগতভাবে এই উদ্যোগ গ্রহণ করেন।
জানা গেছে, ২৬ জুলাই, রবিবার দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতাপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয়রা দুর্ভোগের কথা বিএনপি নেতা শাকিল তালুকদারকে অবগত করেন।
এ সময় তিনি পানিবন্দি পরিবার ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন এবং পরিস্থিতি অনুধাবন করে ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে পানি নিষ্কাশনের প্রতিশ্রুতির কথা জানান। প্রতিশ্রুতি অনুযায়ী, ২৭ জুলাই, সোমবার সকাল থেকেই মাটি কেটে ড্রেন খনন ও আটকে থাকা পানি বের করার কাজ শুরু করা হয়।
কাজ পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়েক দিনে টানা বর্ষণে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিল এই ওয়ার্ডের বাসিন্দারা। তাদের সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















