দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, নিরাপদ ও রোগমুক্ত রাখতে জামালপুরে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। ২০ এপ্রিল, সোমবার সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নির্ভরযোগ্য উপায়। প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে আমরা একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী জাতি গড়ে তুলতে পারি।
এই টিকাদান কর্মসূচির আয়োজন করেছে জামালপুর সিভিল সার্জন অফিস। এতে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতিসংঘের শিশু তহবিল এবং টিকা সহায়তা জোট।
জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে শিশুদের টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রয়োজনীয় টিকাদান কেন্দ্র প্রস্তুত, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। লক্ষ্য একটাই- কোন শিশুই যেন টিকা থেকে বঞ্চিত না হয়। তাই আপনার শিশুকে নির্ধারিত সময়ে টিকা দিন। তাকে হাম ও রুবেলার মত মারাত্মক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখুন।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















