জামালপুরের মেলান্দহ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি, রবিবার বিকাল ৫টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়াপূর্ব শোকসভায় মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আইনজীবী মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপসহীন নেত্রী ও বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক সংগ্রাম, বহুদলীয় ব্যবস্থা সংরক্ষণ এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা ছিল আপসহীন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ধারাবাহিক নিপীড়ন, রাজনৈতিক বৈষম্য ও রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের মুখোমুখি হলেও আপসহীন অবস্থান বজায় রেখে জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থানই তাকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একজন জাতীয় নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল কবির মনজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান হোসেন, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ, মেলান্দহ বণিক সমিতির সাবেক সভাপতি বেনজীর আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহ জামাল, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ।
শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামছুদ্দিন।
মুত্তাছিম বিল্লাহ : নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম 



















