‘শিমুল ফোটা উৎসব পালন করি, দেশীয় সংস্কৃতি লালন করি’ এই লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মত জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হল শিমুল ফোটা উৎসব। ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় তানজিম পল্লীতে নানা আয়োজনে এ উৎসব উদযাপন করা হয়।
তানজিম পল্লীর প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের প্রতিষ্ঠাতা ও আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পিংনা সুজাত আলী কলেজের প্রভাষক আফরোজা বুলবুল, পোগলদিঘা ডিগ্রি কলেজের প্রভাষক এম এম মিজানুর রহমান, শিক্ষিকা আজিবুন নেছা অনি প্রমুখ।
বক্তারা বলেন, ফাগুনের এক অনবদ্য সৌন্দর্য্যের প্রতীক শিমুল ফুল। শিমুলের সৌন্দর্যে মন বিমোহিত হয় ছোট থেকে বড় সব বয়সী মানুষের। বর্তমানে আমাদের দেশে শিমুল গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। তাই এ অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে সচেতন করাও এর উদ্দেশ্য। অনুষ্ঠানে আমাদের দেশীয় শিমুল ফুল ও দেশীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা দেশীয় শিমুল ফুল নিয়ে এ উৎসবের আয়োজনে খুশি হয়েছেন।
অনুষ্ঠানের উদ্বোধক মো. হাসমত আলী বলেন, শিমুল, জারুল, কদম ফুল সৌন্দর্য্যের দিক দিয়ে পৃথিবীর যে কোন ফুল থেকে পিছিয়ে নেই। এই শিমুল ফোটা উৎসবের মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করব। এখন থেকে প্রতি বছরই সারাদেশব্যাপী এই শিমুল ফোটা উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হবে। সেই সাথে সারাদেশব্যাপী বেশি করে শিমুল গাছ রোপণের প্রচেষ্টা নেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাংবাদিকসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















