বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গত ১৬ বছর জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করেছি। নির্যাতনের শিকার হয়েছি। জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতা আন্দোলন করে, হাজার হাজার ছাত্র জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে ভোটের অধিকার ফেরত এনেছে।
১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনগুলোতে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। তাতেই আমাদের শান্তি, তাতেই আমরা তৃপ্ত। বিএনপি মানুষকে সম্মান করে, আমরা জনগণকে ইজ্জত করে তাদের পাশে থাকতে চাই। স্থানীয় ও জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। ভোটের মালিক জনগণ, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাতে ভোটের মালিকানা প্রয়োগ করতে পারে, সেই ভোট আমরা চাই।
দ্বি-বার্ষিক সম্মেলনে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রহিম, সদস্য মনজুল কবির মনজু, উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়বুর রহমান।
এতে শেষ বক্তার বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জি এস নূরে আলম তালুকদার রুনু, উপজেলা বিএনপির সদস্য মাওলানা মো. আলাউদ্দিন, সদস্য আব্দুল মান্নান, সদস্য রেজাউল করিম মোহন মিয়া, সদস্য হাসান আলী মুলে ও জিল্লুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে বক্তৃতা করেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সেই সাথে আগামী দু’দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা দেওয়ার কথা জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম 



















