বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে দেশের সাধারণ মানুষ, কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের কল্যাণে সরকার বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে।
২৪ জুলাই, শুক্রবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের ব্যাপারিপাড়ায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে নদীভাঙন রোধসহ এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে এসব কাজ সম্পন্ন করতে একটু সময় দিতে হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সহ-সভাপতি মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম লাবলু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু এবং সহ-সভাপতি সাদেক আক্তার নেওয়াজি টফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, মৎস্যজীবী দলের সদস্য সচিব ইব্রাহীম খলিল মন্ডল এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম প্রমুখ।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















