জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাঈদ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২৮ জুন, রবিবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহতদের বড় ভাই টুরিস্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চরবালিয়া গ্রামের সুরুজ্জামানের ছেলে সাঈদ হোসেন। ২৮ জুন সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ির পাশে নিজ দোকানের সিরিজ লাইনে টু-পিনে সংযোগ দিতে যায়। এ সময় লিকেজ তারের সাথে জড়িয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার উপ-পদির্শক (এসআই) চাঁন মিয়া এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















