জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরু ও ব্রয়লার মুরগির মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
২ মার্চ, সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কাছে প্রাণিজ আমিষ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। এ কর্মসূচিতে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, বয়লার মুরগি ১৬০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতি হালি ডিম ২৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কর্মসূচিটি আগামী ২৭ রমজান পর্যন্ত চলবে।
মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















