জামালপুর জেলা পুলিশের উদ্যোগে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ ও কার্যকর সাড়াদান নিশ্চিত করতে এক আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় ১৫ জুন, সোমবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোর্শেদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর জেলা ফোকাল পার্সন ও ফিল্ড অফিসার মো. আতাহার আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি Prevention and Response to Gender Based Violence Against Women and Girls (PREVAIL) প্রকল্পের কাযক্রম, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃসংস্থা সমন্বয়ের গুরুত্ব এবং ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণে বিভিন্ন অংশীজনের ভূমিকা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা ইভটিজিং, মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সচেতনতার অভাব ও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে অনেক পরিবার কিশোরী মেয়েদের বোঝা মনে করে অল্প বয়সে বিয়ে দিতে আগ্রহী হচ্ছে। যা বাল্যবিবাহের অন্যতম কারণ।
তিনি আরও বলেন, পুলিশের মূল দায়িত্ব হল আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধ সংঘটিত হলে অপরাধীদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের সহায়তা দেওয়া। তবে বর্তমান প্রেক্ষাপটে জেন্ডারভিত্তিক সহিংসতা, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হচ্ছে। যা এককভাবে পুলিশের পক্ষে সম্ভব নয়। এই কাজে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
পুলিশ সুপার বলেন, পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তবে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও কার্যকর সাড়াদান নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম আরও কার্যকর হবে। একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সভায় পুলিশ সুপার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভুক্তভোগীদের সেবায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য ইউএনএফপিএ-কে ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যের মধ্যে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আল মামুন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রোকনুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও ডা. মাহবুবা আজমেরী হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বেরা হক, সিংহজনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কর্মকর্তা আনোয়ারা বেগম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, প্রেসক্লাব জামালপুরে সভাপতি মুখলেছুর রহমান লিখন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ, সাইবার অপরাধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার এবং ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় ওয়ার্ড উন্নয়ন কমিটি, ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি, উপজেলা স্ট্যান্ডিং কমিটি, উপজেলা ও জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বাল্যবিয়ে ও যৌন নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোকে কার্যকর করার সুপারিশ করা হয়। এছাড়া উঠান বৈঠক, স্কুল প্রোগ্রাম, মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রচারণা কার্যক্রম জোরদার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, আইন সহায়তা সংস্থা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















