জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার এলাকার মৃত আব্দুল হামিদের বাড়িতে ১ জুন, রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ৭০০ কেজি ভিজিএফ চাল জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় চাল ব্যবসায়ী সুজাত আলী পালিয়ে যায়। চালগুলো জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন। অভিযানে আরও অংশ নেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
পুলিশ ও অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পিংনা বাজার এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় ভিজিএফ কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের বস্তাগুলো পাল্টে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে সংরক্ষণ করলে যৌথবাহিনী চালগুলো জব্দ করে। অভিযানের বিষয়টি টের পেয়ে চাল ব্যবসায়ী সুজাত আলী পালিয়ে যান।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৭০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ওই চাল ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 
















