শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোয়ামারী মিশন এলাকায় অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ সাইলেন্ট চামুগং নামের একজন মাদকব্যবাসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ৭ অক্টোবর সোমবার রাতে তাকে আটক করা হয়। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাত ৯টার দিকে জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযানে নামে। অভিযানের সময় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারোয়ামারি মিশন থেকে ঝিনাইগাতীগামী পূর্ব সমশ্চুড়া এলাকার তিন রাস্তার মোড়ে হানিফ আলীর চায়ের দোকানের দক্ষিণে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী সাইলেন্ট চামুগংকে (১৯) আটক করা হয়। তার কাছ থেকে ৩২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ওই মাদক ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার আন্ধারপাড়া গ্রামের পলিন্দ্র রকোর ছেলে।
গ্রেপ্তার আসামিকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার সাইলেন্ট চামুগং একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র্যাব জানায়, র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঞ্চল্যকর অপরাধ দমনের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















