জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কাঠারবিল ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহনের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামের এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়। সাব্বির হোসেন উত্তর কাঠারবিল গ্রামের বাদশা আলীর ছেলে।
জানা গেছে, ১৫ এপ্রিল, বুধবার সকালে উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশন থেকে ডিজেল বিতরণের সময় সাব্বির হোসেন পাঁচ লিটার করে ১২০ লিটার ডিজেল উত্তোলন করে রিকশাভ্যানের করে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল ইসলাম ঘটনাস্হলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে সাব্বির হোসেনকে অবৈধভাবে ডিজেল বহনের অপরাধে সাতদিনের কারাদণ্ডাদেশ দেন। তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহুরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, জ্বালানি তেল নিয়ে কোন ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















