জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি জমি ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ নির্মাণকাজ বন্ধ করে দেওয়াসহ স্থাপনাটি ভেঙে জমি দখলমুক্ত করা হয়।
৬ অক্টোবর, মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার সামনের নদীপাড়ে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনাস্থল থেকে খায়রুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর অধীনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলে জমিটি দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, অন্যায়ভাবে নদীর জমি দখল করে স্থাপনা তৈরি করায় অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। সরকারি কিংবা নদীর জমি অবৈধ দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 

















