জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ৩ জুলাই, শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় ছাগল বিরতণ করা হয়।
ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় প্রথম পর্যায়ে ১২০ জন সুফলভোগীর মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহ জামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক, কৃষিবিদ মনিবুর রহমান মনির, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সুফলভোগী মল্লিকা আক্তার প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে পৌর বিএনপি সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিনসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানান, এই প্রকল্পের আওতায় উপজেলার মোট আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে ৭৭০ জন সুফলভোগীর মাঝে সর্বমোট এক হাজার ৫৪০টি ছাগল বিতরণ করা হবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 











