জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তিনজন শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। ১৯ জুলাই, শনিবার বিকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল শহীদদের কবরে বৃক্ষরোপণ করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, আওনা ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ ‘ কর্মসূচির আওতায় উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহীদ রাব্বাী মিয়ার কবরে নিম গাছ, একই ইউনিয়নের কুলপাল গ্রামের জুলহাস আলীর ছেলে শহীদ রবিউল ইসলামের কবরে বকুল গাছ ও উপজেলার মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহীদ মোকলেছুর রহমানের কবরে জাম গাছ রোপণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে উপজেলার তিনজন শহীদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেই। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















