জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ জুলাই, সোমবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ জুলাই বিকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যান মাসুদ আকন্দ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের ওই ডোবায় মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজনেরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুনারীতলা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম সুমন এই প্রতিবেদককে বলেন, মাসুদ আকন্দ আমার চাচাত ভাই। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাড়ির পাশের ডোবায় পড়ে তিনি মারা গেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















