জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্কুলে ঢুকে এক শিক্ষিকাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বখাটেদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলার ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা আব্দুর রেজ্জাক খান উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এর জের ধরে ২৬ এপ্রিল, সোমবার দুপুরে স্থানীয় হাসমত আলী, হানিফ উদ্দিন, আলামিন ও সাইফুল খানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষকদের সামনে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ উঠে।
অভিযোগে আরও বলা হয়, অনুপ্রব্শেকারী ওই বখাটেরা শিক্ষিকা হোসনেয়ারা খাতুনকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন এবং প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত সহকর্মীরা বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী শিক্ষিকা হোসনেয়ারা খাতুন সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এজন্য তিনি সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় অনুপ্রবেশকারীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 








