জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে অমৃত দাশ নামে একজন স্বর্ণ ব্যবসায়ী মারা গেছেন। উপজেলার মন্নিয়ার চর এলাকার খাটিয়ামারী বাজারে ২৭ নভেম্বর, শুক্রবার নিজের দোকানে তিনি হামলার শিকার হন।
এই ঘটনায় প্রতিবেশী ফজল শেখের ছেলে রাশেদের বিরুদ্ধে হত্যার অভিযোগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নিহত অমৃত দাশ মন্নিয়ার চর এলাকার অমল দাশের ছেলে।
স্থানীয়রা জানান, অমৃত দাশ ও রাশেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। ২৭ নভেম্বর, শুক্রবার সকালে অমৃতের দোকানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে চোখের উপরে আঘাত করে গুরুতর আহত করেন রাশেদ। পরে হাসপাতালে নেওয়ার পথে অমৃতের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন রাশেদকে আটক করে রাখেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, পূর্ববিরোধের জের ধরে অমৃত ও রাশেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদ ধারালো অস্ত্র দিয়ে অমৃতকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী রাশেদকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















