দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জামায়াতে ইসলামী জেলা শাখার নেতৃবৃন্দ। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে শহরের পিটিআই মোড়ে এিই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জেলা শাখার নব-র্নিবাচিত আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারি সেক্রেটারি নূরুল হক জামালী, আইনজীবী ছামিউল হক, জামায়াতের মনোনীত জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী আইনজীবী মুজিবুর রহমান, সদর উপজেলার আমীর মনজুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার আমীর আল ইমরান সুজন।
সভাপতির বক্তব্যে আমীর অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম বলেন, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। গুম, খুন ও নির্যাতন চালিয়ে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দল-মত নির্বিশেষে চব্বিশের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই।
তিনি আরও বলেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ইচ্ছাপূর্বক, তার শাস্তি হচ্ছে ফাঁসি। আজকে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসী আওয়ামী লীগ থানা, বাড়িঘর, গাড়ি জ্বালিয়ে দিয়েছে। গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করেছে। বর্তমান সরকারকে জিজ্ঞাসা করতে চাই, কোথায় আপনি থাকেন, কোথায় বসবাস করছেন? বাংলাদেশের একটি জেলাকে স্বাধীনতা ঘোষণা করে, কি করেন আপনি? বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য জ্বালাও পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।
আমীর নূরুল ইসলাম বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমনে অসন্তোষ বাড়ছে। অবিলম্বে সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইনের আওতায় আনার দাবি জানাই।
পরে পিটিআই মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















