জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সাড়ে তিন বছর পর আল্ট্রাসনোগ্রাম সেবা পুনরায় চালু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সেবা পুনরায় চালু হওয়ায় সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ৪ এপ্রিল, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আবু রায়হান, কনসালটেন্ট ডাক্তার ফজলুল হক, ডাক্তার আজিজ আহমেদ বিলাশ, মেডিকেল অফিসার ডাক্তার মেহজাবিন রশিদ তিন্নী, ডাক্তার সালেহ মেহেদী, ডাক্তার মাহাবুবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১০০ শয্যার এ সরকারি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও প্রয়োজনীয় জনবলের অভাবে দীর্ঘদিন ধরে সেবা বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন শত শত রোগী। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীরা প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে অনেক রোগীকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হয়েছে। সম্প্রতি প্রয়োজনীয় জনবল নিশ্চিত হওয়ায় সেবাটি আবার চালু করা হয়েছে। এখন হাসপাতালে ১১০ থেকে ২২০ টাকার মধ্যে আল্ট্রাসনোগ্রাম করানো যাচ্ছে। যেখানে বাইরে একই সেবার জন্য ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত খরচ হয়।

মাদারগঞ্জ : মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সিচিকৎমকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম
হাসপাতালে সেবা নিতে আসা মামুনুর রশিদ বলেন, দীর্ঘদিন পর আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হওয়া রোগীদের জন্য স্বস্তিদায়ক। এতে কম খরচে সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ মিলবে। ভোগান্তি কমবে। তিনি সেবাটি নিরবচ্ছিন্নভাবে চালু রাখার দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার আবু রায়হান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা পর হাসপাতালে আবারও আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করা হয়েছে। রোগীরা ইতোমধ্যে সেখানে আলট্রাসনোগ্রাম করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, আল্ট্রাসনোগ্রাম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। পেটের বিভিন্ন রোগ নির্ণয় এবং গর্ভবতী নারীদের নিয়মিত চেকআপের জন্য এটি প্রয়োজন হয়। দীর্ঘদিন চিকিৎসক না থাকায় মেশিনটি অকেজো হয়ে পড়েছিল। সম্প্রতি জনবল নিশ্চিত হওয়ায় সেবাটি চালু করা সম্ভব হয়েছে। এ সেবা চালু হওয়ায় রোগীদের ভোগান্তি কমবে। পাশাপাশি সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















