জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশ্যে বলেছেন, বিএনপির কোন নেতা-কর্মী যদি মাদক কারবারের সাথে যুক্ত থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করুন। রাজনৈতিক প্রভাবমুক্ত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সহজেই সম্ভব হবে।
তিনি ২৫ মার্চ, বুধবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসাবে রাখা বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজে বিদ্যমান অধিকাংশ অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে পারলে সমাজে শান্তি, স্থিতিশীলতা ফিরে আসবে। মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে মানুষ মুক্তি পাবে।
ওয়ারেছ আলী মামুন বলেন, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র এবং হেলমেট না থাকলে জ্বালানি তেল না দিয়ে সেই গাড়ি জব্ধ করে থানায় পাঠান। এতে তেলের সংকট অনেকাংশে কমে আসবে। দুর্ঘটনা হ্রাস পাবে। তিনি কিশোর অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবয়নে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংসদ সদস্য মামুন সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাদের উদ্দেশ্য করে দৃঢ়তার সাথে বলেন, আমি দুর্নীতি করব নাভ অন্য কাউকে দুর্নীতি করতে দিব না।
জামালপুর সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সমকাল পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপির আওতায় গৃহীত প্রকল্পের অধীনে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্বল্পআয়ের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















