শেরপুরের নকলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ, মঙ্গলবার নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলা পরিষদ প্র্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষ দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. (ইউএনও) জাহাঙ্গীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামিম।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাংবাদিক শফিউল আলম লাভলু, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় ইউএনও জাহাঙ্গীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় সঠিক পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 



















