১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় জামালপুর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়ায় স্থাপিত ব্যক্তি মালিকানাধীন প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।
২৭ জুন, শুক্রবার দুপুরে ওই বেসরকারি কলেজ সরেজমিনে পরিদর্শন করে বন্ধের নির্দেশ দেয়া হয়। কলেজ কর্তৃপক্ষের গাফিলতির সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান।
জানা গেছে, ‘জামালপুরে প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ১৭ এইচএসসি পরীক্ষার্থী’ এই শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ২৭ জুন দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ছয় সদস্যের একটি তদন্ত দল জামালপুরের প্রশান্তি আইডিয়াল স্কুল এন্ড কলেজে গিয়ে তদন্ত করে গাফিলতির সত্যতা পায়। পরে ওই কলেজের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষা বোর্ড।

তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান এ প্রতিবেদককে বলেন, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনুমোদন থাকলেও দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিল প্রতিষ্ঠানটি। আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ওই ১৭ শিক্ষার্থীর এইএচসি পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে।
শিক্ষা বোর্ডের তদন্ত দলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক এম এম এ জামিল সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ খান, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু সায়েম মোহাম্মদ হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : মেলান্দহ, বাংলারচিঠিডটকম 









