জামালপুর-সরিষাবাড়ী রেলপথের জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাজার রেলওয়ে স্টেশন থেকে সরিষাবাড়ীর দিকে জোকারপাড়া এলাকায় ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেললাইন মেরামত করেন রেলওয়ের প্রকৌশল বিভাগ। ২৯ নভেম্বর, রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর ভোর রাতের দিকে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন ক্ষতিগ্রস্ত করে। পরে স্থানীয়দের নজরে এলে তারা রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করেন। এতে প্রায় আট ঘন্টা এই রেলপথে ট্র্রেন চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, ভোররাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রেলওয়ের জামালপুরস্থ উর্ধ্বতন সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, মূলত ভোর রাতে ঢাকা অভিমুখে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেন যাওয়ার পরই মানে রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এই ঘটনা ঘটে। আমরা খবরও পাওয়ার পরপরই সেখানে রেললাইনের প্রয়োজনীয় মেরামত সংস্কার করে লাইন সচল করা হয়।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















