জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ২৯ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাওয়ার পথে বিপরীত দিক থেকে মোটরসাইকেল (জামালপুর-ল ১১-৬৯৬৮) ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জে যাওয়ার পথে পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দু’জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়। শুনেছি পথেই তিনি মারা গেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















