শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী ইমরুল কায়েস (২৮) নিহত হয়েছেন।
এছাড়াও এই ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৯ নভেম্বর, রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর ভোরে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে।
ইমরুলের স্বজনেরা জানান, এক সপ্তাহ আগে তিনি এসএস এনজিওতে যোগ দিয়েছিলেন। ২৯ নভেম্বর সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ এই প্রতিবেদককে বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন। দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাক আটক করা হয়েছে।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 


















