জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চাঁদা দাবির ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক শফিউল ইসলাম স্বপন। ৮ মার্চ শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন একটি হোটেলে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা শফিউল ইসলাম স্বপন বলেন, আসন্ন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমার জনপ্রিয়তা থাকায় একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৩ মার্চ আমার এবং উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রভাতী প্রকল্পের সহকারী প্রকৌশলী আবু রায়হান আবিরের কণ্ঠসাদৃশ্য চাঁদা দাবির একটি সুপার এডিট করা অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এরপেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে ‘জামালপুরে বিএনপির নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
শফিউল ইসলাম স্বপন আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে আমার সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে। তারা চাচ্ছে আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে। তাই নানা কৌশলে অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো চাঁদা দাবির সঙ্গে জড়িত না। চাঁদা দাবির মিথ্যা প্রচারণা চালিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ভুঁয়া অডিও তৈরি করে আমার নামে অপপ্রচার চালানো হয়েছে। যা এক ধরনের ডিজিটাল প্রতারণা। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
সংবাদ সম্মেলনে উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রভাতী প্রকল্পের সহকারী প্রকৌশলী আবু রায়হান আবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর সত্যতা অস্বীকার করে বলেন, তার সাথে চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অডিওটি সুপার এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
খাদেমুল ইসলাম : সংবাদদাতা, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 









