জামালপুর জেনারেল হাসপাতালের হামের জন্য বিশেষভাবে বরাদ্দ ওয়ার্ডে গিয়ে স্তম্ভিত না হয়ে পারলাম না।
১১ বিছানার বিপরীতে আজ ২৬ অক্টোবর এই ওয়ার্ডে ভর্তি আছে ৫৭ জন শিশুসহ বিভিন্ন বয়সের নারী পুরুষ। প্রতিটি রোগীর সাথে ২-৩ জন করে স্বজন। গাদাগাদি অবস্থা। এরচেয়েও ভয়াবহ চিত্র শিশু ওয়ার্ডে। ২৪ বিছানার বিপরীতে ভর্তি আছে ১৪০ জন শিশু রোগী। তার সাথে আছে তিন শতাধিক স্বজন। পা ফেলানোর জায়গা নেই।
অনেক কষ্ট করে ডাক্তার, নার্সসেরা সেবা কার্যক্রম পরিচালনা করছেন। রোগীদের চিল্লাচিল্লিতে অসহনীয় এক পরিবেশ সৃষ্টি হয়েছে। হামের ওয়ার্ডটি আইসোলেশন লেখা থাকলেও তার কোনো বালাই নেই। বা কোনো পরিবেশ নেই। সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হচ্ছে- হামের রোগীরা প্রয়োজনে, অপ্রয়োজনে শিশু ওয়ার্ডে অবাধে যাতায়াত করছে। ডাক্তার, নার্সদের আশঙ্কা এতে করে ভর্তি শিশুদেরও হামে সংক্রমিত হবার ঝুঁকি বাড়ছে। এটা যেকোনো মূল্যে নিয়ন্ত্রণ করা জরুরি।
বর্তমান হাসপতাল কর্তৃপক্ষের উপর দোষ চাপিয়ে লাভ নাই। কারণ ২৫০ শয্যা বিশিষ্ট এই জামালপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন রোগী থাকছে সাড়ে সাতশ’ থেকে আটশ’ জন। জনবল বাড়ে নাই। বরং ২৫০ শয্যার যে বরাদ্দ থাকার কথা জনবল তারচেয়েও কম আছে। তাহলে কীভাবে সম্ভব এত বিপুল সংখ্যক রোগীর স্বাভাবিক সেবা কার্যক্রম পরিচালনা করা। সেবা কার্যক্রম নিয়ে বিতর্ক আছে- এটা অস্বীকার করছি না। কিন্তু অসীম সীমাবদ্ধতার কথা সকলেরই বিবেচনায় আনতে হবে।
আমরা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মান নিয়ে গত ১০ বছর ধরে চিৎকার করছি। আমাদের দাবি শূন্যাকাশে ভেসেই বেড়াচ্ছে। কোনো আশার আলো চোখে পড়ছে না।
আমাদের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত মহোদয় জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি। তিনি কথা দিয়েছেন হাসপাতালের সঙ্কট নিরসনের পাশাপাশি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নিবেন। এরও কোনো সিমটম দেখতে পাচ্ছি না।
জামালপুর জেলার পাশাপাশি আশপাশের আরও ছয়টি জেলার সীমানা সংলগ্ন মানুষগুলো জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এদের অধিকাংশই দরিদ্র মানুষ। এদের কথা ভাবাই তো জনপ্রতিনিধিদের বড় কাজ। জানি এই লেখা নীতিনির্ধারকদের চোখে পড়বে না। তবে সাধারণ মানুষের কাছে দাবি আসুন সবাই মিলে অতীতের মত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবিতে আবারও সোচ্চার হই।
যারা ভুক্তভোগী এবং হাসপাতালের খোঁজ রাখেন তারাই বলতে পারবেন রোগীদের সীমাহীন ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে হলে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সামাজিক আন্দোলনও বিকল্প পন্থারই একটা অংশ। এই লেখা নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করতে পারেন। তবে আশা করছি পরামর্শমূলক মন্তব্য। যা দেখে অনেকেরই চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
জাহাঙ্গীর সেলিম : সম্পাদক, বাংলারচিঠিডটকম 


















